• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ২২ মে ২০২৫ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • প্রকৌশল সংবাদ

    ১ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ: এলজিইডিতে দুদকের অভিযান

      প্রতিনিধি ২২ মে ২০২৫ , ১২:২০:৫১ প্রিন্ট সংস্করণ

    অবশেষে ১ হাজার ৬০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এলজিইডির বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে সংস্থাটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) এই অভিযান পরিচালনা করা হয়। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    দুদক জানায়, এলজিইডির আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের নামে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা বিল উত্তোলনের পর তা আত্মসাৎ করা হয়েছে বলে কমিশনের কাছে তথ্য আসে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় একটি এনফোর্সমেন্ট টিম অভিযানে নামে। অভিযানের সময় এলজিইডির প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রকল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। পাশাপাশি অভিযোগে উল্লিখিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও প্রয়োজনীয় রেকর্ড সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম। প্রাপ্ত রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

    এদিকে নামজারি ও ভূমি ব্যবস্থাপনায় নানাবিধ অনিয়ম ও হয়রানির অভিযোগের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান জোরদার করেছে দুদক। যশোর জেলার মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন ভূমি অফিস, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন ভূমি অফিস এবং বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ জিউধরা ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুদকের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। এসব অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। অভিযোগের সত্যতা নিরূপণপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে বলে জানিয়েছে দুদক।

    এহেন ধারাবাহিক অভিযান দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে কমিশনের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা।