প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৪ , ১১:০২:৫৭ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধা জেলার জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শায়হান আলী সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বৃদ্ধি পেয়েছে।
সম্প্রতি গোবিন্দগঞ্জ উপজেলার ২৭টি পুকুরের পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহ প্রকল্প নিয়ে নানা অভিযোগ উঠেছে। তবে প্রকৌশলী শায়হান আলী জানিয়েছেন, তিনি এই প্রকল্পের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিলেন না। ২০২৩ সালের শেষের দিকে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই তিনি বিভাগের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য কাজ করে যাচ্ছেন।
প্রকৌশলী শায়হান আলী বলেন, “এই প্রকল্পগুলো আমার দায়িত্ব গ্রহণের অনেক আগে শেষ হয়েছে। আমি এখানে যোগদান করেছি ২০২৩ সালের শেষের দিকে। যোগদানের পর থেকেই আমি নিশ্চিত করেছি, কোনো প্রকল্প যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং জনগণ এর সুফল পায়। আমার দপ্তরে দুর্নীতির কোনো সুযোগ নেই, এবং আমি যেকোনো অভিযোগের তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।”
স্থানীয়রা জানান, মো. শায়হান আলী দায়িত্ব গ্রহণের পর থেকে গাইবান্ধা জনস্বাস্থ্য বিভাগের কার্যক্রমে গতি এসেছে। তিনি নিয়মিত মাঠ পর্যায়ে তদারকি করেন এবং স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করেন।
প্রকৌশলী শায়হান আলীর সততা ও কার্যকর নেতৃত্ব গাইবান্ধার জনস্বাস্থ্য বিভাগে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। তাঁর সততা এবং দায়িত্বশীলতা জেলার সাধারণ মানুষের মাঝে আস্থা বাড়িয়েছে।





