প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৬ , ৯:৪৩:১২ প্রিন্ট সংস্করণ
সম্প্রতি ‘চট্টগ্রাম কাস্টমসের ত্রাস: এসি ওমর কাউসার!’ শীর্ষক শিরোনামে চট্টগ্রাম কাস্টম হাউসের আনস্টাফিং সেকশনের সহকারী কমিশনার ওমর কাউসার এবং রাজস্ব কর্মকর্তা সুমন কান্তি বিশ্বাসকে জড়িয়ে প্রকাশিত সম্পূর্ণ অসত্য, কাল্পনিক ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ ও ভুক্তভোগী কর্মকর্তাবৃন্দ। উক্ত সংবাদে কাস্টমসের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ জাতীয় সংস্থাকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টাসহ সম্মানিত কর্মকর্তাদ্বয়ের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগে মুখরোচক বয়ান তৈরি করা হয়েছে, সরেজমিনে অনুসন্ধানে তার ন্যূনতম কোনো সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি।

মূলত জাতীয় রাজস্ব সুরক্ষায় এবং আমদানিকৃত পণ্যের মিথ্যা ঘোষণা রুখতে চট্টগ্রাম কাস্টমস আইনে অর্পিত ক্ষমতা ও সুনির্দিষ্ট প্রটোকল অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করে আসছে। আনস্টাফিং গেটগুলোতে শতভাগ ভৌত পরীক্ষা ও কঠোর তদারকির ফলে অতীতে সুবিধাভোগী অসাধু চক্র, শুল্ক ফাঁকিবাজ গোষ্ঠী এবং তাদের সহযোগী কতিপয় দালাল চক্রের অবৈধ উপায়ে রাজস্ব ফাঁকি দেওয়ার সব পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। এতে ক্ষুব্ধ হয়ে এবং অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে কায়েমী স্বার্থান্বেষী মহলটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে কাল্পনিক চাঁদাবাজি, ফাইল আটকে রাখা ও ক্ষমতার দম্ভ প্রদর্শনের মতো জঘন্য বানোয়াট গল্প ফাঁদে।
প্রকৃতপক্ষে, অটোমেটেড কাস্টমস সিস্টেমে কোনো ব্যক্তিগত খামখেয়ালিপনা, রাত ১০টা-১১টায় অতিরিক্ত অর্থের চাপ কিংবা একক সিদ্ধান্তে ফাইল আটকে রাখার কোনো প্রাতিষ্ঠানিক সুযোগই নেই। নাম প্রকাশে অনিচ্ছুক বহু সিঅ্যান্ডএফ প্রতিনিধি ও সাধারণ ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করে নিশ্চিত করেছেন যে, সহকারী কমিশনার ওমর কাউসার ও রাজস্ব কর্মকর্তা সুমন কান্তি বিশ্বাস অত্যন্ত সৎ, নীতিবান ও নিষ্ঠাবান কর্মকর্তা। রাজনৈতিক ও আঞ্চলিকতার দোহাই দিয়ে তাঁদের প্রশাসনিক দক্ষতা ও সততাকে কালিমালিপ্ত করার এই অপকৌশল একটি চিহ্নিত অসাধু চক্রের ব্যর্থ আক্রোশেরই বহিঃপ্রকাশ।
প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করে রাষ্ট্রীয় কাস্টমস অঙ্গনে অস্থিতিশীলতা তৈরির এই অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক । সংশ্লিষ্ট মহলকে এ ধরনের দূরভিসন্ধিমূলক, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন খবর পরিবেশন থেকে অনতিবিলম্বে বিরত থাকার জন্য জোর দাবি জানানো হচ্ছে।










