• ঢাকা, বাংলাদেশ    
  • শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • বিজ্ঞান ও প্রযুক্তি

    সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে’, ব্যাখ্যায় যা বলল ইউটিউব

      অনলাইন ডেস্ক ৬ ডিসেম্বর ২০২৫ , ২:৪০:৪৭ প্রিন্ট সংস্করণ

    অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধের আইন কার্যকর হলে শিশুদের নিরাপত্তাঝুঁকি আরও বাড়বে বলে দাবি করেছে ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। তাদের মতে, এই আইন তড়িঘড়ি করে বানানো হয়েছে। এই আইন কার্যকর করা হলে কঠোর প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে পড়বে।
    ইউটিউব আরও বলছে, ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা শুরু হলে অভিভাবকেরা আর তাঁদের অপ্রাপ্তবয়স্ক সন্তানের অ্যাকাউন্ট নজরে রাখার সুযোগ পাবেন না। কনটেন্ট সেটিংস নিয়ন্ত্রণ বা কোনো চ্যানেল ব্লক করার সুযোগ তাঁদের হাতে থাকবে না। শিশুরা কিন্তু তখনো ভিডিও দেখতে পারবে, তবে অ্যাকাউন্ট ছাড়া।
    এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেন, ‘শিশুদের জন্য নিজেদের প্ল্যাটফর্মের ঝুঁকি তুলে ধরছে ইউটিউব। এটি বেশ অদ্ভুত। যদি ইউটিউবই আমাদের মনে করিয়ে দেয়, তাদের প্ল্যাটফর্মটি নিরাপদ নয়, তাহলে সমস্যাটি ইউটিউবেরই সমাধান করা উচিত।’
    এদিকে অস্ট্রেলিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা কার্যকরের খবরে কম পরিচিত প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে কিশোর-কিশোরীরা। এসব অ্যাপ ডাউনলোডের ঢল নেমেছে তাদের মধ্যে। এই অবস্থায় সেসব অ্যাপের দিকেও নজর দিচ্ছে দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক।
    টিকটকের মালিকানাধীন লেমন ৮ (Lemon 8) ও ইয়োপ (Yope) নামে দুটি ভিডিও ও ছবি শেয়ারিং অ্যাপ ডাউনলোডের মাত্রা বেড়েছে। এই কারণে ইসেফটি কমিশনার তাদের নিজস্বভাবে মূল্যায়ন করতে নির্দেশ দিয়েছেন যে তারা নিষেধাজ্ঞার আওতায় পড়ে কি না।
    গত জুলাই মাসে ইউটিউবের জন্য দেওয়া ছাড়টি বাতিল করে সরকার। ইসেফটি কমিশনার জানান, ১০ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ‘ক্ষতিকর কনটেন্ট’ দেখার ক্ষেত্রে ইউটিউবই ছিল ‘সবচেয়ে বেশি উল্লেখিত প্ল্যাটফর্ম’।