প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৩ , ৮:০৫:৩১ প্রিন্ট সংস্করণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী ঐক্যজোট মনোনীত এমপি প্রার্থী মুফতি মোহাম্মদ খোরশেদ আলম। বুধবার বিকেলে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর হোসেনের কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের হাতে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট চৌদ্দগ্রাম শাখার সহ-সভাপতি মাওলানা মোবারক করিম, মাওলানা নুরুল আমিন, হাফেজ আবুল কালাম, অহিদ মিয়া, মাওলানা শাহাদাত হোসেন, ওমর ফারুক, সামছুল আলম, হাফেজ মামুনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে বিপুল সংখ্যক নেতাকর্মী সহ মোটর সাইকেল বহর নিয়ে খোরশেদ আলমকে উপজেলা পরিষদ পর্যন্ত নিয়ে আসেন ইসলামী ঐক্যজোটের চৌদ্দগ্রাম উপজেলা নেতাকর্মীবৃন্দ।
জানা গেছে, খোরশেদ আলম বর্তমানে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি আল-মক্কা ট্রাভেলস্ এর স্বত্ত্বাধিকারী ও মুহসিনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দীর্ঘদিন যাবৎ তিনি রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে। এমপি পদে প্রার্থী হওয়ার খবরে মুফতি মোহাম্মদ খোরশেদ আলমের নিজ গ্রাম উনকোটসহ সমগ্র উপজেলার সাধারণ মানুষ ও ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।











