এম এইচ মুন্না ৭ জুলাই ২০২৬ , ১০:২৭:১২ প্রিন্ট সংস্করণ
রাজনৈতিক ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে প্রশাসনের কিছু কর্মকর্তার আনুগত্যও যেন রঙ বদলানো গিরগিটির মতো পাল্টে যায়, এমন অভিযোগ নতুন নয়। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার উঠে এসেছে গণপূর্ত অধিদপ্তরের (উন্নয়ন) তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম. কামরুজ্জামান । সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘ প্রায় ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী পরিচয়ে প্রভাব-প্রতিপত্তির সিন্ডিকেট গড়ে তোলা এই প্রকৌশলী এখন রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন।
প্রতিবেদকের হাতে আসা একাধিক ছবি, নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য পর্যালোচনায় অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন রাজনৈতিক সিন্ডিকেটের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে প্রশাসনিক সুবিধা আদায়, প্রভাব বিস্তার এবং নিজের অবস্থান সুদৃঢ় করার কৌশলই ছিল তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম. কামরুজ্জামানের দীর্ঘদিনের কর্মপদ্ধতি। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তোলা ছবিকে ঘিরেও নানা প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
জানা যায়, যে সময় রাষ্ট্রযন্ত্রের ক্ষমতার কেন্দ্র ছিল একদিকে, তখন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম. কামরুজ্জামানও ছিলেন সেই কেন্দ্রের আশপাশে। আর এখন রাজনৈতিক বাস্তবতা বদলানোর পর বদলে যাচ্ছে তাঁর প্রকাশ্য অবস্থানও। বিষয়টি যেনো এমন, তাঁর কাছে আদর্শ কোনো নৈতিক বিশ্বাসের বিষয় নয়; বরং ক্ষমতার করিডোরে টিকে থাকার একটি কার্যকর কৌশল মাত্র।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক প্রবীণ রাজনীতিক বলেন, “ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু প্রশাসনিক কর্মকর্তার রাজনৈতিক পরিচয়ও বদলে যায়, এ অভিযোগ বহু পুরোনো। তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম. কামরুজ্জামানকে ঘিরেও এখন ঠিক সেই প্রশ্নই সামনে এসেছে। দীর্ঘদিন তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি দেখিয়েছেন। সে সময়ের প্রভাবশালী মন্ত্রী, সচিব ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে নিজের অবস্থান শক্তিশালী করেছেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবিও সেই সম্পর্কের সাক্ষ্য হিসেবে এখন আলোচনায় এসেছে।”
আরেক প্রবীণ রাজনীতিক দৈনিক গণতদন্তকে বলেন, “সরকার পরিবর্তনের পর একই প্রকৌশলীকে আবার নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে দেখা যাচ্ছে। যিনি একসময় নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে তুলে ধরতেন, এখন তাঁকেই জিয়াউর রহমানের আদর্শের সমর্থক হিসেবে পরিচয় দিতে দেখা যাচ্ছে। এতে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন তৈরি হয়েছে।”
নাম প্রকাশ না করার শর্তে গণপূর্তের এক ঠিকাদার দৈনিক গণতদন্তকে বলেন, ক্ষমতার ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন দায়িত্ব পালন করতে গিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলেন প্রকৌশলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম. কামরুজ্জামান। সেই সিন্ডিকেটের মাধ্যমে তদবির, কমিশননির্ভর কার্যক্রম এবং প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগও বিভিন্ন সময়ে উঠেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম. কামরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রস্তুতের সময় পর্যন্ত তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তিনি বক্তব্য দিলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।





