• ঢাকা, বাংলাদেশ    
  • শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩ ,৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • বিনোদন

    নতুন লুকে দেবকে দেখে চেনার উপায় নেই!

      অনলাইন ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৪৪:৪৩ প্রিন্ট সংস্করণ

    প্রকাশ্যে এসেছে দেবের নতুন লুক। গায়ে ছেঁড়া-ফাটা কম্বল, মুখে অজস্র দাগ, একগোছা দাড়ি, মাথায় উস্কো-খুস্কো চুল! এবার ভিক্ষুকের বেশ নিয়েছেন তিনি। বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা দেব। ঠিক কী কারণে এমন বেশ?

    আসলে এটি ‘বাঘা যতীন’ সিনেমায় দেবের নতুন লুক। শুক্রবার (২২ সেপ্টেম্বর) তার এই বিশেষ লুক প্রকাশ করেছেন নির্মাতারা। ব্রিটিশ শাসনামলে প্রায়ই ছদ্মবেশ ধরতেন স্বাধীনতা সংগ্রামীরা। এর ফলে এক দিকে যেমন শাসকের নজর এড়ানো যেত, তেমনি সমান্তরালে চলত আন্দোলনের কর্মসূচি। এই সিনেমায় বিট্রিশবিরোধী বিপ্লবী নেতা বাঘা যতীনের ভূমিকায় তাই দেবকেও তাই একাধিক লুক দেখা যাবে।

    এর আগে, খাকি পোশাকে কাঁধে বন্দুক নিয়ে শিখের বেশে দেবের লুক দেখেছেন দর্শকরা। তারও আগে সাধুর বেশে এই সিনেমায় তার একটি লুক প্রকাশ করেও চমকে দিয়েছিলেন অভিনেতা। সিনেমায় নাকি আরও কয়েকটি লুকে দেখা যাবে দেবকে। তার এই বিশেষ লুকের পেছনে রয়েছেন মেকাপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু।

    চরিত্রের প্রয়োজনে এর আগেও নিজেকে একাধিকবার ভেঙেছেন দেব। কিন্তু কোনো একটি সিনেমায় এই প্রথম এতগুলো লুকে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন তিনি।

    এই বিশেষ লুক প্রসঙ্গে দেব বলেন, এই সিনেমায় এমন এক মানুষের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ছদ্মবেশ ধারণের গুরুত্ব বুঝতেন। একইভাবে আমার চরিত্রটিও সিনেমায় একাধিক পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে।

    পাশাপাশি এই সিনেমাকে দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য হিসেবেই উল্লেখ করেছেন দেব। এবারের দুর্গাপূজায় মুক্তি পাবে অরুণ রায় পরিচালিত দেবের ‘বাঘা যতীন’ সিনেমাটি।