মাসুদ রানা ১১ জুন ২০২৪ , ৪:১৫:৪৯ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের খানসামা উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলার ভাবকী ইউনিয়নের মৌলভীপাড়ার মৃত নমির উদ্দিনের ছেলে আঃ খালেক (৫৫), রফিকুল ইসলাম (৬২) ও সাইফুল ইসলাম (৭০) একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. সাদেক (৩২) এবং সাইফুল ইসলামের ছেলে সোয়াইবুর রহমান আরশ (৩৮) এর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই এলাকার মৃত আঃ বাতেনের ছেলে কামরুল হাসান নামে এক ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী কামরুল হাসান ও বিবাদীগণ সম্পর্কে নিজের চাচা ও চাচাতো ভাই হয়। কামরুল হাসানের বাবা ৬ বছর আগে মৃত্যুবরণ করেন। তার বাবার মৃত্যুর পর থেকে তার চাচা ও চাচাতো ভাইগণ তার বাবার পৈত্রিকসূত্রে প্রাপ্ত সম্পত্তি বিভিন্ন সময় জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। এমতবস্থায় কামরুল হাসানের চাচা সাইফুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আদালতে বর্ণিত জমি জমা সংক্রান্ত বিষয়ে একটি মোকাদ্দমা দায়ের করেন। যার মোকাদ্দমা নং-১০৪/২২ (অন্য)। বর্তমানে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। বিচারাধীন থাকা অবস্থায় গত ২৩ মে সকালে কামরুল হাসানের চাচা ও চাচাতো ভাই জমি দখলের উদ্দেশ্যে হাতে বাঁশের লাঠি, লোহার রড, দা, কুড়াল নিয়ে এসে শ্রমিকদের মাধ্যমে বর্ণিত জমিতে ইট দ্বারা পাঁকা ঘর নির্মাণ করতে থাকে। উক্ত সময় কামরুল হাসান সংবাদ পেয়ে বর্ণিত জমিতে জোর পূর্বক জমি দখল করতে দেখে বাধা নিষেধ করলে কামরুল হাসানের চাচা ও চাচাতো ভাই গালিগালাজ করতে থাকে। গালিগালাজের প্রতিবাদ করলে ক্ষিপ্ত তাদের হাতে থাকা লোহার রড, ধারালো ছোড়া, দা, কুড়াল হাতে নিয়া মারপিটের জন্য তর্জন গর্জন শুরু করে এবং প্রাণনাশের ভয়ভীতি দেখায়। বর্তমানে বর্ণিত জমিতে নির্মাণ কাজ চলমান রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দু পক্ষই লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের জমির কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি। দু পক্ষের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।










