আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ২১ মে ২০২৪ , ৫:৪৬:৪৮ প্রিন্ট সংস্করণ
আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডোমার উপজেলার ‘চিলাহাটি প্রেসক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ মাহবুবুল আলম ওহাবুল (দৈনিক আলোকিত সকাল) ও সাধারণ সম্পাদক পদে মোঃ আশরাফুল হক কাজল (দৈনিক খবরপত্র) নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ই মে) সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি ডাকবাংলো হলরুমে চিলাহাটি প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ও চিলাহাটি সরকারি কলেজের প্রভাষক মোঃ রাজিউর রহমান রাজু ফলাফল ঘোষণা করেন।
চিলাহাটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আবু সাঈদ প্রামাণিক ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইখতেখাইরুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোট গণনার সময় চিলাহাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক আহসানুল কবির, জুয়েল বসুনিয়া, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মশিউর রহমান, নাগরিক কমিটির সভাপতি মহব্বত হোসেন বাবু, সমাজসেবক লতিফুল খাবীর প্রধান লাবু প্রমুখ সহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।











