আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ১৫ জুন ২০২৪ , ৬:০৯:২০ প্রিন্ট সংস্করণ
ডোমারের দুই বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি
আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে সরকার দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা ও নির্বাচনোত্তর সংবর্ধনা সভায় বক্তব্য প্রদান করায় নীলফামারীর ডোমার উপজেলার ইউনিয়ন পর্যায়ের দুই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।
নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক মোঃ জহুরুল আলম কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি প্রাপ্ত দুই নেতা হলেন, ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও গোমনাতী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ হোসেন।
চিঠিতে জানানো হয়, গত ৮ই মে অনুষ্ঠিত ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করা ও নির্বাচনোত্তর সংবর্ধনা সভায় বক্তব্য রাখায় অভিযুক্ত বিএনপি নেতাদের গত ১৬ই মে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তিন দিনের আল্টিমেটাম দেওয়া সেই নোটিশের কোনোরূপ জবাব না দেওয়ায় জেলা বিএনপি তাদের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছে।
চিঠিতে আরও জানানো হয়, অব্যাহতি প্রাপ্ত ভোগডাবুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের জায়গায় যুগ্ম-সাধারণ সম্পাদক (ক্রমান্বয়ে প্রথম) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গোমনাতী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকের স্থলে ১নং সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবে।
এবিষয়ে ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বলেন, বেঈমানের জায়গা বিএনপিতে নেই। আদর্শ বিচ্যুত দুই নেতা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অবৈধ সরকারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আওয়ামী লীগ ঘরানার প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করেছে। তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করায় ডোমার উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।
উল্লেখ্য, গত ৮ই মে অনুষ্ঠিত ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-জামায়াত কিংবা জাতীয় পার্টির কোনো প্রার্থী অংশগ্রহণ না করলেও ৮ জন চেয়ারম্যান প্রার্থীই ছিলেন আওয়ামী লীগের পদধারী কিংবা সেই ঘরানার। অভিযুক্ত বিএনপি নেতারা প্রকাশ্যে বক্তব্য সহ মিছিল-মিটিংয়ে উপস্তিতির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।





