প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ১১:৫১:১৩ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদৎ হোসেনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ভূমি অফিসে নামজারি, মিস কেস ও শুনানিসহ বিভিন্ন ক্ষেত্রে সেবা গ্রহীতাদের থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি অফিসের বাইরের কিছু কম্পিউটার দোকান দালাল চক্র হিসেবে কাজ করছে। এসব দোকানের মাধ্যমে এসিল্যান্ড ও তার অফিসের কর্মচারীদের সাথে টাকার লেনদেন করে জমি সংক্রান্ত কাজ করতে হচ্ছে সেবাগ্রহীদের। দালাল ছাড়া সেবা নিতে গেলে বিভিন্ন অজুহাতে নামজারি আটকানো হচ্ছে। আবার জমির অবস্থান ও আকার অনুযায়ী ৫০ হাজার থেকে ৫ লাখ টাকার বিনিময়ে নামজারি করা হচ্ছে।
নামজারির শুনানির সময় সেবাগ্রহীদের ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না। এমনকি একাধিক ওয়ারিশ থাকলেও টাকার বিনিময়ে তাদের বাদ দিয়ে নামজারি করার অভিযোগও পাওয়া গেছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, এসিল্যান্ড শাহাদৎ হোসেন প্রতিদিন ২ থেকে ৩ লাখ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছেন। তার সাথে সার্ভেয়ার, কানুনগোসহ অন্যান্য কর্মচারীরাও এই দুর্নীতির অংশীদার। এভাবে প্রতিদিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে তিনি নামে-বেনামে বিপুল সম্পদ গড়েছেন বলে অভিযোগ উঠেছে।
দুর্নীতি দমন কমিশন ও ভূমি মন্ত্রণালয়ে দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, এসিল্যান্ড শাহাদৎ হোসেনের আয়-ব্যয়ের সাথে সম্পদের অসংগতি রয়েছে। ভুক্তভোগীরা দ্রুত এই দুর্নীতির তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।











