প্রতিনিধি ২৩ জুলাই ২০২৫ , ১২:৫৯:৩৬ প্রিন্ট সংস্করণ
ভাতের হোটেলের আড়ালে ইয়াবা ব্যবসা, অডিওতে স্বীকারোক্তি : ‘আমি ইয়াবা ব্যবসায়ী, আমি ইয়াবা খাই’
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরার জসীমউদ্দিন রোড, দলীপাড়া এলাকায় ভাতের হোটেলের আড়ালে গড়ে ওঠা ভয়ংকর মাদক সিন্ডিকেটের মূলহোতা মোঃ আল-আমীন অবশেষে নিজ মুখেই স্বীকার করলেন — ‘আমি ইয়াবা ব্যবসায়ী, আমি ইয়াবা খাই।’
একাধিক নির্ভরযোগ্য সূত্র ও অনুসন্ধানে উঠে এসেছে, মোঃ আল-আমীন দীর্ঘদিন ধরে উত্তরা-সন্নিহিত এলাকায় ইয়াবার ভয়াল নেটওয়ার্ক চালিয়ে আসছে। নিজ মালিকানাধীন তথাকথিত ‘ভাতের হোটেল’টি মূলত ইয়াবা ব্যবসা ও সেবনের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
প্রথমে দৈনিক গণতদন্তের পক্ষ থেকে মেসেজে যোগাযোগ করা হলে আল-আমীন প্রতারকের মতো নির্লজ্জভাবে সব অভিযোগ অস্বীকার করে। কিন্তু পত্রিকার হাতে থাকা ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট প্রমাণসহ একটি ছবি পাঠানো হলে সে নুইয়ে পড়ে স্বীকার করে নেয় — সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
এরপর প্রতিবেদকের সাথে আলাপে সরাসরি কল রেকর্ডে আল-আমীন নির্লজ্জভাবে বলেন, ‘আমি ইয়াবা ব্যবসায়ী, আমি ইয়াবা খাই। আপনারা নিউজ করেন, আমি ভয় পাই না।’
এই স্বীকারোক্তি দৈনিক গণতদন্তের অফিসিয়াল আর্কাইভে সংরক্ষিত রয়েছে।
সূত্র জানায়, উত্তরার ওই ভাতের হোটেলের আড়ালে প্রতিনিয়ত কোটি টাকার ইয়াবা কারবার চলে। চট্টগ্রাম-কক্সবাজার রুট থেকে ইয়াবা এনে রাজধানীতে ছড়িয়ে দেওয়ার দায়িত্বে রয়েছে এই আল-আমীন সিন্ডিকেট।
একটি নির্ভরযোগ্য সংস্থা জানিয়েছে, আল-আমীনের বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে প্রশাসনের ছত্রছায়া কিংবা মাদক ব্যবসার দালাল চক্রের মাধ্যমে সে বহুদিন ধরেই থেকে যাচ্ছে আইনের নাগালের বাইরে।
অবশেষে প্রকাশ্য স্বীকারোক্তি ও ভিডিও প্রমাণ সামনে আসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), র্যাব ও ডিএমপি’র প্রতি জনমনে প্রশ্ন — এত স্পষ্ট তথ্যপ্রমাণের পরও কেন এই ইয়াবা সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি?











