• ঢাকা, বাংলাদেশ    
  • সোমবার , ৯ নভেম্বর ২০২৬ ,২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • প্রকৌশল সংবাদ

    সমবায়ের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

      নিজস্ব প্রতিবেদক ৯ নভেম্বর ২০২৬ , ৫:২১:০৯ প্রিন্ট সংস্করণ

    গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠন করতে হবে।

    গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

    আহম্মদ সোহেল মনজুর বলেন, সমবায়ভিত্তিক উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন ত্বরান্বিত করতে হবে।

    সমবায়কে আরও শক্তিশালী করে দেশ গড়তে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

    এর আগে ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে।

    এই দিন সকাল ১১টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে থেকে সমবায়ীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

    শোভাযাত্রা শেষে সদর উপজেলা প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রাব্বানী।

    পরে জেলা প্রশাসক উপজেলা চত্বরে সমবায়ীদের তৈরি পণ্যের ‘সমবায় পণ্য মেলা’র উদ্বোধন করেন।

    পরে উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জামান খান।

    অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।