খালেদ সিদ্দিকী, বগুড়া জেলা প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ৭:১৬:৩৫ প্রিন্ট সংস্করণ
দেশের যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম। তিনি বলেন দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার ক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে। নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুলিশ সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাষ্ট কর্তৃক বগুড়া শহরের নবাব বাড়ি সংলগ্ন সার্কিট হাউস রোডে নবনির্মিত বহুতল বিশিষ্ট বগুড়া পুলিশ প্লাজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, প্রধানমন্ত্রী দেশে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। বাংলাদেশ পুলিশ তা যথাসাধ্য বাস্তবায়ন করছে। পুলিশী কর্মকান্ডের জন্য আজ দেশে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। তবে এ জন্য পুলিশকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য হাবিবর রহমান, অতিরিক্ত আইজিপি আবু হাসান মোঃ তারেক, পুলিশ হেড কোয়ার্টার্সের ডিআইজি মোস্তাক আহমেদ,জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা আ’লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান মিলন এবং অতিরিক্ত ডিআইজি রিয়াদুল ইসলাম। উল্লেখ্য পুলিশ কল্যান ট্রাষ্টের ব্যবস্থাপনায় বগুড়ায় নির্মিত মোট ১০তলা বিশিষ্ট পুলিশ প্লাজায় মোট ২১৮টি দোকানঘর ছাড়াও ৯ম তলায় ফুডকোর্ট ও ১০ম তলায় স্টার সিনেপ্লেক্স রয়েছে।







