• ঢাকা, বাংলাদেশ    
  • শনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • সমস্যা

    প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগ

      প্রকৌশল সংবাদ ৯ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৫৪:৫৩ প্রিন্ট সংস্করণ

    চাকরির মেয়াদ বাড়াতে কারসাজি করে বয়স কমানোর অভিযোগ উঠেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন এর বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে উপসচিব আব্দুর রহমান তাকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে এসএসসি সনদের সত্যায়তি কপি, এলজিইডিতে প্রথম যোগদানের এলপিসির সত্যায়িত কপিসহ চারটি কাগজ চাওয়া হয়েছে।

    এলজিইডি সূত্র বলছে, চাকরির মেয়াদ বৃদ্ধি করতেই সেখ মোহাম্মদ মহসিন জালিয়াতির আশ্রয় নিয়েছেন। নথি ঘেটে দেখা গেছে, ১৯৮৮ সালে সহকারী প্রকৌশলী পদে চাকরিতে যোগদান করেন সেখ মোহাম্মদ মহসিন। সেসময় দেয়া সার্টিফিকেট অনুযায়ী ১৯৬৩ সালের ৩০ সেপ্টেম্বর তার জন্মতারিখ। সে অনুযায়ি ২০২২ সালের ৩০ সেপ্টম্বর তার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আরো একাধিক নথিও সেখ মোহাম্মদ মহসিনের জন্মতারিখ ১৯৬৩ সাল লেখা থাকলে ২০০৮ সালের পরবর্তি সকল নথিপত্রে জন্ম সাল লেখা হয়েছে ১৯৬৪ সাল।

    অভিযোগ ওঠার পর নড়েচড়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিনের জন্ম তারিখের জটিলতা নিরসনে জরুরী ভিত্তিতে এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ছায়ালিপি, এলজিইডিতে প্রথম যোগদানের এলপিসির সত্যায়িত কপি, এলজিইডিতে যোগদানের পর প্রথম জ্যেষ্ঠতা তালিকার কপি এবং এলজিইডির প্রকৌশলীদের খসড়া জ্যেষ্ঠতা তালিকা ২০০১ এর কপি চেয়ে অনুরোধ জানিয়েছে।

    অনুসন্ধানে দেখা গেছে, বিভিন্নকাজে এসএসসির সার্টিফিকেট সরবরাহ করলেও সেখানে পরীক্ষার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর নেই। ১৯৮৮ সালে পিএসসির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারি প্রকৌশলী পদে এলজিইডিতে যোগদান করেন সেখ মোহাম্মদ মহসিন। ওই সময় এলজিইডির নথিপত্রে তার জন্মতারিখ উল্লেখ ছিল ১৯৬৩ সালের ৩০ সেপ্টেম্বর। এলজিইডিতে প্রধান প্রকৌশলী হিসেবে তিনি চলতি দায়িত্ব পান ২০২১ সালের ৩০ ডিসেম্বর। স্থায়ী নিয়োগপ্রাপ্ত হন ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি। ১৯৯৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত এলজিইডি জ্যেষ্ঠতার যে তালিকা রয়েছে, তাতে ১৯৯৫ সালের জানুয়ারিতে জ্যেষ্ঠতার যে তালিকা করা হয়েছে সেই তালিকায় সেখ মোহাম্মদ মহসিন ছিলেন ২৭২ তম। তখন তিনি এলজিইডির নারায়নগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দায়িত্বরত ছিলেন। ওই তালিকায় তার জন্মতারিখ লেখা রয়েছে ১৯৬৩ সালের ৩০ সেপ্টেম্বর। ১৯৯৮ সালের জ্যেষ্ঠতার তালিকায়ও পাওয়া যায় একই জন্মতারিখ। তখন তার জ্যেষ্ঠতার তালিকা ছিল ২৫৩ নম্বরে। ২০০১ সালের তালিকায়ও জন্মতারিখ একই এবং জ্যেষ্ঠতার তালিকায় ছিলেন ২১২ নম্বরে। ২০০৪ সালের তালিকায়ও জন্মতারিখ একই এবং জ্যেষ্ঠতার তালিকায় সিরিয়াল নম্বর ১৭৯ নম্বরে।