মাসুদ রানা ১১ জুন ২০২৪ , ৪:১৯:৪৫ প্রিন্ট সংস্করণ
সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামায় নতুন শিক্ষাক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন “ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম” এর আওতায় ১টি বিষয়ে ৫ দিন ও আরেকটি বিষয়ে ৪ দিনব্যাপী শিক্ষক/শিক্ষিকা প্রশিক্ষণ কর্মসূচি-২০২৪ শুরু হয়েছে।
খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২৬৯ জন শিক্ষক/শিক্ষিকা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। গত ১০ জুন শুরু হওয়া প্রশিক্ষণ আগামী ১৪ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন পরিদর্শন করেন।
কোর্স কো অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, মো. শাহজাহান সরকার ও শরিফুল কাওসারের নেতৃত্বে জীবিকা বিষয়ের পেশাগত কোর্স ৫ দিন ও ডিজিটাল প্রযুক্তি প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং বিষয়ে ৪ দিন ৮ জন প্রশিক্ষক দ্বারা কর্মসূচি শুরু হয়।
প্রশিক্ষণ পরিচালক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক বলেন, ইতিপূর্বে এই শিক্ষককেরা অনলাইনের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমরা আশা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা সঠিক শিক্ষায় শিক্ষিত হবে এবং শিক্ষার মানকে উন্নত করে তুলবে। আমাদের যে নতুন শিক্ষাক্রম সেটা সর্বাত্মক সুন্দরভাবে সম্পূর্ণ হবে। তাছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ ছাড়া কোন শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবে না।











