• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ ,১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • অপরাধ

    ঠিকাদার গা-ঢাকা, প্রকৌশলী নীরব — ভোগান্তিতে এলাকাবাসী

      প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৫ , ৫:৪৩:৪৮ প্রিন্ট সংস্করণ

    প্রকৌশল সংবাদ ডেস্ক:

    ঝালকাঠির রাজাপুর উপজেলার তরকারি বাজার সংলগ্ন খালের ওপর নির্মিত সেতুটি প্রায় এক বছর ধরে পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। প্রায় ১ কোটি ৬৯ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ সেতু দিয়ে কোনো যান চলাচলই সম্ভব নয়—শুধুমাত্র সংযোগ সড়ক না থাকায়।

    জানা গেছে, ২০২৩ সালের শেষদিকে সেতুর নির্মাণকাজ সম্পন্ন হলেও সংযোগ সড়কের কোনো কাজই শুরু হয়নি। ফলে জনসাধারণের চলাচলের জন্য এটি এখনো অযোগ্য। এ অবস্থায় এলাকাবাসী পড়েছেন চরম দুর্ভোগে।

    সেতুর সংযোগ সড়কের কাজের দায়িত্বে ছিলেন ঠিকাদার রেজাউল করীম জাকির, যিনি বর্তমানে জেলা যুবলীগের আহ্বায়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কাজ অসমাপ্ত রেখেই এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন। তার অনুপস্থিতির পর থেকে প্রকল্পটির কোনো অগ্রগতি হয়নি।

    এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “ঠিকাদারের সম্পূর্ণ বিল এখনও পরিশোধ করা হয়নি। হয়তো এ কারণে তিনি গড়িমসি করছেন।” প্রকৌশলী রেজাউল করীম জাকিরের একটি মোবাইল নম্বরও দেন, তবে ওই নম্বরে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া মেলেনি।

    পরে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে আবারও জানানো হলে তিনি বলেন, “আমার সাথেও দীর্ঘদিন ঠিকাদারের কোনো যোগাযোগ নেই। বিশ লাখ টাকার মতো বিল পড়ে আছে, কিন্তু এই বিল নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই বলেই মনে হচ্ছে।”

    এদিকে, এলাকাবাসীর অভিযোগ, প্রকৌশলী হিসেবে বিষয়টির সমাধানে কোনো বিকল্প পরিকল্পনা বা কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। বরং ফাইলগত প্রক্রিয়ার অজুহাতে সময়ক্ষেপণ করাই যেন দপ্তরের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে।

    স্থানীয় বাসিন্দা মজিবর হাওলাদার বলেন, “এত বড় একটা সেতু বানিয়ে যদি মানুষ ব্যবহারই করতে না পারে, তবে সেটা বানিয়ে কী লাভ? সরকার কোটি কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু আমাদের কোনো উপকার হচ্ছে না।”

    উল্লেখ্য, এ ধরনের অব্যবস্থাপনা শুধু সরকারি অর্থ অপচয় নয়, জনস্বার্থও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অবিলম্বে প্রকল্পটির কার্যকর বাস্তবায়ন এবং দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

    চলবে….