আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ২৬ মে ২০২৪ , ১:০২:১৩ প্রিন্ট সংস্করণ
আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
রোগীর ছদ্মবেশ ধারণ করে আন্তঃজেলা ডাকাত/চোর চক্রের সক্রিয় সদস্য মন্তাজ আলী (৫২) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল।
শুক্রবার (২৪শে মে) দুপুর সোয়া ১টায় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা পুলিশের এসআই কাজল কুমার রায়ের নেতৃত্বে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত/চোর চক্রের সদস্য মন্তাজকে গ্রেপ্তার করা হয়। এরপর, আসামি মন্তাজের দেওয়া তথ্যানুযায়ী গিয়ে চোর চক্রের আরেক সদস্য আবু বক্করকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মন্তাজ আলী (৫২) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ২৩টি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ। এছাড়া আরেক আসামি আবু বক্কর রংপুরের হারাগাছ থানার চর চতুরা গ্রামের বাসিন্দা।
আন্তঃজেলা ডাকাত/চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুকিশ জানিয়েছে, নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই কাজল কুমার রায়ের নেতৃত্বে গত ১৪ই ফেব্রুয়ারী তারিখে উপজেলার সোনারায় ইউনিয়নে গরু চুরির বিষয়ে দায়ের হওয়া মামলার অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। মামলাটির বাদী আহসান হাবিব লাব্বু। মামলার নম্বর-০৬।
পুলিশের জিজ্ঞাসাবাদে কুখ্যাত চোর চক্রের সক্রিয় সদস্য মন্তাজ জানায়, তিনি সহ তার সহযোগী ২/৩ জন নীলফামারী থেকে পিকআপ যোগে রাত আনুমানিক ২টার সময় ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরণীগঞ্জ বাজারে আসেন। এরপর তারা সকলে মিলে হাইওয়ের রাস্তা থেকে আধা কিলোমিটার উত্তরে পিকআপটি রেখে মামলার বাদী আহসান হাবিব লাব্বুর বাড়িতে গিয়ে গোয়াল ঘরের দরজার শিকল কেটে লাল রঙের শাহিওয়ালা গাভী, একটি হালকা কালো ও বাদামী রঙের দেশী গাভী গরু সহ আরও ২টি লাল রঙের বাছুর চুরি করিয়া পিকআপ যোগে রংপুর জেলার হারাগাছ থানাধীন চর চতুরা গ্রামে আসামী আবু বক্করের বাড়িতে নিয়ে যায়। সেখানে আবু বক্কর চোরাই গরু ৪টি এক লাখ ৫ হাজার টাকায় কিনে নেয়। এরপর তারা গরু বিক্রির টাকা ভাগবাটোয়ারা করে সৈয়দপুরে এসে যে যার মতো চলে যায়।
গ্রেফতারকৃত আসামী মন্তাজের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই গরু ক্রেতা আবু বক্করের বাড়িতে শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০মিনিটে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় আবু বক্কর চোরদের কাছ থেকে চোরাই গরুগুলো ক্রয় করার কথা স্বীকার করে এবং পরবর্তীতে গরু চারটি সে অজ্ঞাত ব্যক্তির নিকট ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। সেই টাকার মধ্যে তার কাছে থাকা ২০ হাজার টাকা পুলিশের হাতে স্থানান্তর করেন।
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী জানান, পুলিশ সুপারের নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে রোগীর ছদ্মবেশ ধারণ করে আন্তঃজেলা ডাকাত/চোর চক্রের সক্রিয় সদস্য মন্তাজকে গ্রেপ্তার করা হয় এবং মন্তাজের দেয়া তথ্যমতে হারাগাছ থানাধীন চর চতুরা গ্রামের আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে আবু বক্কর গরুগুলো বিক্রি করে দিয়েছে এবং তার কাছ থেকে গরু বিক্রির ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। অপরদিকে আবু বক্করের দেয়া তথ্য অনুযায়ী তার সহযোগী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। শনিবার (২৫শে) দুপুরে মন্তাজ এবং আবু বক্করকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।











