আলীপুর সেতুর ভাঙা অংশে জরুরি মেরামত
প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩:৪৫:২৭
প্রিন্ট
সংস্করণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আলীপুর সেতুর ভাঙা ও ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতের কাজ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মীরা। শুক্রবার দুপুর ১টা থেকে সেতুর ঢাকামুখী লেনের গর্তে বেঁকে যাওয়া লোহার প্লেট পরিবর্তন করে নতুন প্লেট বসানো হয়। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট ছোট-বড় গর্তও পাথর ও বিটুমিন দিয়ে সংস্কার করা হয়েছে। মেরামতের কাজ চলাকালে মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহনের চাপ কিছুটা বেড়ে যায়। যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হাইওয়ে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও অতিরিক্ত ওজনের মালবাহী যানবাহন চলাচলের কারণে আলীপুর সেতুর মাঝামাঝি অংশে গর্তের ওপর বসানো ভারী লোহার প্লেটটি বেঁকে যায়। এতে ওই অংশ দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শুক্রবার বেঁকে যাওয়া প্লেটটি সরিয়ে নতুন প্লেট বসানো হয়। পরে সেখানে বিটুমিন দিয়ে মেরামতের কাজ করা হয়। এ ছাড়া সেতুর উভয় পাশে এবং গজারিয়ার ভবেরচর, আলীপুরাসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কারণে ওই অংশে যানবাহনের গতি কমে গিয়ে সাময়িক যানজটের সৃষ্টি হচ্ছিল। যাত্রীদের ভোগান্তি কমাতে সওজের প্রকৌশলী ও কর্মীরা জরুরি ভিত্তিতে এসব ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেন।
সওজের নারায়ণগঞ্জ কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী আল রাজী জানিয়েছেন, জরুরি মেরামতের অংশ হিসেবে মহাসড়কের উল্লিখিত ক্ষতিগ্রস্ত স্থানগুলো সংস্কার করা হয়েছে। ভবেরচর হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, সড়ক মেরামতের কাজের কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়ির কিছুটা বাড়তি চাপ রয়েছে। তবে যান চলাচল সচল রাখতে এবং যানজট এড়াতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশের সদস্যরা নিয়োজিত রয়েছেন।