• ঢাকা, বাংলাদেশ    
  • মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ ,১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  • জাতীয়

    হাসিনা ফেসবুক, ইউটিউবে ভিডিও বার্তার মাধ্যমে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন -মানিকগঞ্জে রুহুল কবির রিজভী

      নিজস্ব প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ৪:০৭:১২ প্রিন্ট সংস্করণ

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানিকগঞ্জের শহীদ রফিকুল ইসলাম, আফিকুল ইসলাম সাদ ও ছায়াদ মাহমুদ খান এবং আহত সাকিব খান ও হাসনা হেনার পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা দিয়ে ‘আমরা জিয়া পরিবার’ নামের একটি সংগঠন। গতকাল সোমবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের রূপসা গ্রামের শহীদ রফিকুল ইসলামের বাড়িতে আমরা বিএনপি পরিবার আয়োজিত সভায় তাঁদের হাতে নগদ অর্থ প্রদান করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ‘আমরা বিএনপি পরিবার’-এর সভাপতি আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা, ‘আমরা বিএনপি পরিবার’ -এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহতরা।

    প্রধান অতিথির বক্তব্যদানকালে বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ‘অন্যের জন্য গর্ত করলে যে, সেই গর্তে পড়তে হয় তার প্রমাণ শেখ হাসিনা। তিনি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দী রেখেছিলেন। ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ২ হাজার ছাত্র-জনতার হত্যার দায় নিয়ে শেখ হাসিনা চলে গেছেন। তিনি ভেবেছিলেন তার প্রভু ভারত সরকার তাকে টিকিয়ে রাখবেন। কিন্তু পারেননি। ভিডিও বার্তা দেয়ার জন্য তারেক রহমানের সমালোচনা করতেন। আজ শেখ হাসিনা নিজেই ফেসবুক, ইউটিউবে ভিডিও বার্তার মাধ্যমে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। কোথায় গেল আপনার বাহাদুরি।

     

    তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শহীদ এবং আহতদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। তাদের অবদানের কথা স্মরণ করতে তাদের নামে স্থাপনা ও সড়কের নামকরণ করতে হবে। বিএনপি জনগণের দল। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তাদের যথাযথ মর্যাদা দেয়া হবে। পরে আহত ও নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।