খালেদ সিদ্দিকী, বগুড়া জেলা প্রতিনিধি ২ অক্টোবর ২০২৩ , ৩:০৯:৫৪ প্রিন্ট সংস্করণ
আসন্ন শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বগুড়া সদর উপজেলার নির্মাণাধীন ফতেহ আলী ব্রিজ এর স্থানে মানুষের পায়ে চলাচলের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
রবিবার (২ অক্টোবর) সকালে ফতেহ আলী বাজার এলাকার করতোয়া নদীর উপর নির্মাণাধীন শাহ ফতেহ আলী ব্রিজ এলাকায় উপস্থিত হয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন জেলা প্রশাসক।
আসন্ন দূর্গাপূজায় প্রতিমা দর্শনার্থীদের চলাচল বৃদ্ধি পেতে পারে, এতে করে বর্তমানে অস্থায়ীভাবে নির্মিত বাসের সাঁকো অতিরিক্ত চাপ সহ্য না করে দুর্ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা থেকে মাননীয় জেলা প্রশাসক ও সওজর কর্মকর্তা বৃন্দ অগ্রিম সতর্কতা হিসেবে এই সাঁকো পরিদর্শন করেন।
অস্থায়ী বাসের সাঁকো পরিদর্শন শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, মানুষের চলাচল সহজ করতে এবং দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে বর্তমান অস্থায়ী পায়ে চলাচলের সাঁকোর পাশাপাশি আরো একটি অস্থায়ী ভাসমান পায়ে চলার সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন এই সাঁকোটি নির্মাণ করা হলে দু’টি সাঁকোর একটি একমুখী এবং অন্যটি বিপরীত মুখী করে যাওয়া এবং আসার কাজে আলাদাভাবে ব্যবহার করার জন্য পরিকল্পনা করা হয়েছে, এতে করে এই পথে চলাচলকারী জনসাধারণের নদী পারাপার এবং আসা যাওয়ার পথ সুগম হবে।
এ সময় উপস্থিত ছিলেন ডা. মোহাম্মাদ শফিউল আজম, সিভিল সার্জন বগুড়া; মোঃ আসাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথ, বগুড়া; জেলা প্রশাসন ও সওজের কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।











