• ঢাকা, বাংলাদেশ    
  • বৃহস্পতিবার , ২ মে ২০২৪ ,২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  • উপজেলার সংবাদ

    এসডিএফ অফিসে রাতেও ওড়ে জাতীয় পতাকা!

      মাসুদ রানা ২ মে ২০২৪ , ৯:৫৩:৪১ প্রিন্ট সংস্করণ

    নিয়ম অনুযায়ী দেশে পতাকা উত্তোলনের সময় হল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে কিন্তু এর ব্যতিক্রম চিত্র দেখা গেছে দিনাজপুরের খানসামার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অফিসে।

    সরজমিনে বৃহস্পতিবার (২ মে) রাতে খানসামা-দারোয়ানী মহাসড়কের খানসামা ফিলিং স্টেশন সংলগ্ন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অফিসে গিয়ে জাতীয় পতাকা উড়তে দেখা গেছে। পরে সাংবাদিকের উপস্থিতিতে এক কর্মকর্তা তড়িঘড়ি করে জাতীয় পতাকাটি নামিয়ে ফেলেন।

    জানা গেছে, এর আগেও ঈদ-উল-ফিতরের ছুটিতে বেশ কয়েকদিন দিনে ও রাতেও জাতীয় পতাকা উত্তোলন ছিল এই প্রতিষ্ঠাটিতে।

    স্থানীয়রা বলছেন, ৩০ লাখ শহীদ ও ৩ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের জাতীয় পতাকা। এ পতাকার অবমাননা মেনে নেওয়া যায় না। অফিস চলাকালে রাতের বেলা জাতীয় পতাকা উড়ছে এটা কর্তৃপক্ষের অবহেলা। জাতীয় পতাকার সম্মান অক্ষুন্ন রাখতে কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তারা।

    এ বিষয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর জুনিয়র একাউন্টেন্ট মো. হাসান তারেকের কাছে জানতে চাইলে। তিনি বলেন, আমাদের অফিসে কোন পিয়ন নেই। আমার মনের ভুলে হয়ে গেছে। আমাদের সকল স্টাফ চলে গেছে। আমি ভেবেছিলাম হাতের কাজ শেষ করে পতাকা নামবো। আমি তো অফিসেই আছি, চলে গেলে মেনে নিতাম।

    এর আগেও ঈদে ওড়ার বিষয়ে জানতে চাইলে। তিনি বলেন, ওটা আমাদের ভুলেই হয়ে গেছে। একই ভুল বারবার কেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এবারের মত ক্ষমা করে দেন। পরবর্তীতে হলে রিপোর্ট করিয়েন। এবার বিষয়টি কনসিডার করেন। এমন অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।