অনলাইন ডেস্ক ৬ ডিসেম্বর ২০২৫ , ২:৫০:৪৭ প্রিন্ট সংস্করণ
বিদেশি ভাষায় কোনো ভিডিও দেখার সময় ৩ সাবটাইটেল জরুরি। কিন্তু অনেক ভিডিওতে সেটি থাকে না। একসময় বিষয়টি ব্যাপক পীড়া দিলেও সাবটাইটেল তৈরি এখন খুব সহজ।
ভিডিও দেখার সময় স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করছে জনপ্রিয় মিডিয়া প্লেয়ার অ্যাপ ভিএলসি। এই ফিচারের মাধ্যমে একাধিক ভাষায় সাবটাইটেল তৈরি করে দেবে অ্যাপটি। ফলে ভিডিওতে সাবটাইটেল না থাকলেও আর কোনো সমস্যা হবে না।
এটি ব্যবহারকারীদের পিসিতে স্থানীয়ভাবে সাবটাইটেল তৈরি করবে। ফলে কোনো তৃতীয় পক্ষের সার্ভারের ওপর নির্ভর করতে হবে না। বাড়তি সুবিধা হলো, অফলাইনেও এই সাবটাইটেল দেখা যাবে। ভিএলসির চিফ মার্কেটিং অফিসার নাতাশা হোল্টজহাউসার বলেন, ‘এই উদ্ভাবন শুধু সাবটাইটেল সম্পর্কিত নয়; এটি অন্তর্ভুক্তির বিষয় এবং বৈশ্বিক কনটেন্ট উপভোগের অভিজ্ঞতা সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
ভিএলসি মিডিয়া প্লেয়ার একটি ওপেন-সোর্স সফটওয়্যার, যা ভিডিও ও অডিও প্লেব্যাকের জন্য ব্যবহার করা হয়। এটি উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড ও আইওএসের মতো একাধিক প্ল্যাটফর্মে চালানো যায়। ২০০১ সালে প্রথম প্রকাশিত হয় ভিএলসি। এরপর এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় মিডিয়া প্লেয়ার হয়ে ওঠে।











