নিজস্ব প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৪ , ৫:৩৮:২৭ প্রিন্ট সংস্করণ
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে কাজ ভাগবাটোয়ারা এবং ঠিকাদার নির্বাচনে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাজগুলো ই-জিপি (e-GP) পদ্ধতিতে না করে সরাসরি লটারি প্রক্রিয়ার মাধ্যমে বিতরণ করা হয়েছে। এতে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঠিকাদারদের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী তার মতাদর্শের ঠিকাদারদের কাছ থেকে কমিশন নিয়েছেন এবং তাদের মধ্যেই কাজ বণ্টন করেছেন। এ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব থাকায় সরকার নির্ধারিত নিয়ম ও নীতিমালা লঙ্ঘিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রকৌশল সংবাদকে ক্ষুদে বার্তায় জানান, “ই-জিপি প্রক্রিয়ায় এটি সম্ভব নয়। সব লটারি সম্পন্ন করা হয়েছে। ই-জিপি সিস্টেমের তথ্য নির্ভরযোগ্য নয়।”
ঠিকাদারদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, প্রকৌশলীর এমন কার্যকলাপে সরকারের রাজস্ব হারানোর পাশাপাশি উন্নয়ন প্রকল্পের মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এ বিষয়ে যথাযথ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।





