প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:১৩:০৮ প্রিন্ট সংস্করণ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকার জলাবদ্ধতা নিরসন ও টেকসই বন্যা ব্যবস্থাপনার জন্য একটি অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা (Action Plan) প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আজ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, বৃহস্পতিবার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সম্মেলন কক্ষে দিনব্যাপী “বাসযোগ্য ঢাকা মহানগরীর জন্য ড্রেইনেজ ও বন্যা ব্যবস্থাপনা সংক্রান্ত অ্যাকশন প্ল্যান প্রণয়ন” শীর্ষক অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অব.), চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সভাপতিত্ব করেন জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম, সদস্য (পরিকল্পনা), রাজউক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ মোস্তফা আলী, অধ্যাপক, পানি সম্পদ কৌশল বিভাগ, বুয়েট।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন,
“দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার সমস্যা চললেও কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষাকালে সমস্যা প্রকট হয়ে ওঠে। এখন থেকেই যদি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করা হয়, তবে ভবিষ্যতে জলাবদ্ধতার দুর্ভোগ কমবে। এজন্য রাজউকসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন,
“ঢাকাকে একটি সুন্দর ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে আমরা একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করছি। একসময় ঢাকায় প্রচুর জলাভূমি ছিল, যা বর্তমানে ভরাট হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর সমাধানে আমাদের সৃজনশীল ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে। দখলকৃত জলাভূমি উদ্ধার করে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে, যাতে যেখানে-সেখানে বর্জ্য ফেলে ড্রেন বন্ধ করা না হয়। সংশ্লিষ্ট সব পক্ষ একসঙ্গে কাজ করলে আমরা সফল হবো।”
মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. মোস্তফা আলী বলেন,
“ঢাকা শহরের খালগুলোর অব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবের কারণে জলাবদ্ধতা দিন দিন বাড়ছে। কিছু গুরুত্বপূর্ণ এলাকায় এ সমস্যা তীব্র আকার ধারণ করেছে। সমাধানের জন্য দ্রুত খাল পুনরুদ্ধার ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।”
কর্মশালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।











