প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৪ , ৬:০১:১০ প্রিন্ট সংস্করণ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক উত্তরা ১৮ নম্বর সেক্টরের এপার্টমেন্ট প্রকল্পে ফ্ল্যাটের আইডি বরাদ্দ এবং কারপার্কিং আইডি প্রদানের জন্য ৯ম লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২:৩০টায় রাজধানীর রাজউক অডিটরিয়ামে এই লটারি আয়োজন করা হয়।
লটারির মাধ্যমে উত্তরা ‘এ’ ব্লকে নির্মিত ১৬৫৪ বর্গফুটের ৭৬টি ফ্ল্যাট এবং Irregular Cluster Building-এর ভবন নং-১৩ (এ ও ডি)-এর কারপার্কিং বরাদ্দ দেওয়া হয়। রাজউকের পক্ষ থেকে জানানো হয়, বরাদ্দকৃত ফ্ল্যাট ও কারপার্কিং সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ)। তিনি বলেন, “ফ্ল্যাট বরাদ্দ বিষয়ক এই লটারি একটি নিয়মিত প্রক্রিয়া, এবং আমরা সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে এই কার্যক্রম পরিচালনা করছি।” তিনি আরও জানান, “রাজউক শীঘ্রই স্বল্প আয়ের মানুষের জন্য ভাড়া ভিত্তিক এপার্টমেন্ট প্রকল্প চালু করবে। এটি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী খরচে আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
লটারির স্বচ্ছতা নিশ্চিত করতে অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে ৪টি ধাপে বাছাইকরণ শেষে ফলাফল প্রকাশ করা হয়। লটারির প্রতিটি ধাপ বরাদ্দ প্রত্যাশীদের সামনে সরাসরি পরিচালিত হয়, যা প্রক্রিয়ার প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি করেছে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) ড. মোঃ আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন ও উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব মোহাঃ হারুন-অর-রশীদ, সদস্য (এস্টেট ও ভূমি) ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি, সংবাদমাধ্যমের প্রতিনিধিবৃন্দ এবং রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের স্বচ্ছ প্রক্রিয়ায় লটারি আয়োজনের মাধ্যমে সবার জন্য সুষ্ঠু ও নির্ভরযোগ্য আবাসন নিশ্চিত করার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











